তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামের ‘এ. জে. এইচ. মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এর প্রধান শিক্ষক মাহবুবুর রহমান লাভলুর বিরুদ্ধে ১০ জন শিক্ষার্থীর উপবৃত্তির মোট ৩৬ হাজার টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় ও অভিভাবক সূত্র জানা যায়, বিদ্যালয়টির দশম শ্রেণির ১০ জন শিক্ষার্থীর প্রত্যেকের জন্য ৩,৬০০ টাকা করে উপবৃত্তি বরাদ্দ করা হয়েছিল। পূর্বে সব শ্রেণির শিক্ষার্থীরা সঠিকভাবে উপবৃত্তির টাকা পেলেও, চলতি বছরের জুলাই মাসের উপবৃত্তির টাকা বিতরণে চরম জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। দশম শ্রেণির অন্যান্য শিক্ষার্থীরা টাকা পেলেও ওই ১০ জন ছাত্রী পুরোপুরি বঞ্চিত হয়।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক অসৎ উদ্দেশ্যে ভুক্তভোগী ছাত্রীদের আসল মোবাইল ব্যাংকিং (নগদ) নম্বর পরিবর্তন করে নিজের পরিচিত ব্যক্তিদের নম্বর যুক্ত করে দেন। এর মাধ্যমে তিনি অত্যন্ত সূক্ষ্ম জালিয়াতির মাধ্যমে দরিদ্র ছাত্রীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেন। বঞ্চিত শিক্ষার্থীরা বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।
একাধিক অভিভাবক জানান, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে। সর্বশেষ দশম শ্রেণির ছাত্রীদের উপবৃত্তির টাকা লোপাটের খবরটি ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান লাভলুর বলেন, মোবাইল নাম্বার পরিবর্তন করার সুযোগ নেই, বিষয়টি মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবির জানান, বিষয়টির সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্ত পরিচালনা করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্যসমূহ