Header Ads Widget

Responsive Advertisement

তালায় মা ছেলেকে মারধর, তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

তালা  প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল থামিয়ে মা ও ছেলেকে মারধর করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত মা মমেনা বেগম ও তার ছেলে শেখ আনারুল ইসলাম বাবু তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, জেঠুয়া গ্রামের মৃত শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আনারুল ইসলাম বাবু তার মা মমেনা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের আলামিন শেখ ও শামীম শেখ তাদের পথরোধ করে হামলা চালায়। হামলাকারীরা মা ও ছেলেকে বেধড়ক মারপিট করে এবং সঙ্গে থাকা তিন লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

আহত শেখ আনারুল ইসলাম বাবু জানান, তার বিয়ে সামনে রেখে স্ত্রীর জন্য গয়না কেনার উদ্দেশ্যে তিনি টাকা নিয়ে মাকে সঙ্গে করে বাজারে যাচ্ছিলেন। হঠাৎ করে আলামিন শেখ ও শামীম শেখ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মা ও ছেলেকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগীদের দাবি, আলামিন শেখ ও শামীম শেখ গংদের সঙ্গে পূর্বে জমি সংক্রান্ত বিরোধ থাকায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ