Header Ads Widget

Responsive Advertisement

খুলনায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত


প্রেস রিলিজ ::

“জলবায়ুর সুবিচার, এখানেই এখনই” প্রতিপাদ্যে খুলনায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেয় রঙমহল ফর ইয়ুথ, যার সহযোগী সংগঠন হিসেবে ছিলো বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সামাজিক সংগঠন হ্যালো পিপলস।

এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৯০ জন তরুণ জলবায়ু কর্মী, যারা র‌্যালি ও মানববন্ধনের মাধ্যমে উপকূলীয় মানুষের দুর্দশা, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব এবং ন্যায্য রূপান্তরের দাবিতে একযোগে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানান।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩০) যখন ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হচ্ছে, তখন খুলনার তরুণরা উপকূলের বাস্তবতা থেকে নিজেদের কণ্ঠ বিশ্বনেতাদের কাছে পৌঁছে দিতে এই স্ট্রাইকে অংশ নেন। অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবিতে ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।


রঙমহল ফর ইয়ুথ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আলভী শেখ বলেন,“আমরা খুলনার উপকূলে কাজ করি, যেখানে প্রতিদিন মানুষ জলবায়ু পরিবর্তনের বাস্তব যন্ত্রণা অনুভব করে। ঘূর্ণিঝড়, লবণাক্ততা, ও জীবিকা হারানোর ভয়াবহতা এখানকার মানুষের প্রতিদিনের সঙ্গী। আমরা চাই বিশ্বনেতারা জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করুক এবং এমন এক রূপান্তর ঘটুক যেখানে উপকূলের মানুষও টেকসই জীবনের নিশ্চয়তা পায়।”

সহ-সাধারণ সম্পাদক মৌসুমি রায় রুম্পি বলেন,“জলবায়ু ন্যায়বিচার মানে শুধু ক্ষতিপূরণ নয়, মানে সুযোগের সমতা। আমরা চাই তরুণদের নেতৃত্বে নবায়নযোগ্য শক্তি ও সবুজ প্রযুক্তির দিকে বিনিয়োগ বাড়ুক, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গড়া যায়।”

রঙমহল ফর ইয়ুথের স্বেচ্ছাসেবী শারমিন আক্তার আন্নি ও সাকের মাহমুদ প্রিন্স বলেন,“জলবায়ুর সুবিচার মানে আমাদের উপকূলের শিশুদের ভবিষ্যৎ রক্ষা করা। উন্নয়ন হবে, কিন্তু সেটা হবে ন্যায্য ও মানবিক।”

হ্যালো পিপলস সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাবিহা আক্তার রেশমি বলেন,“আমরা চাই এমন একটি সমাজ যেখানে প্রতিটি মানুষ জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে এবং যেখানে নারী, শিশু ও যুবকেরা জলবায়ু অভিযোজনে নেতৃত্ব দিতে পারবে।”

এই কর্মসূচি অনুষ্ঠিত হয় গ্লোবাল প্ল্যাটফর্মের সহযোগিতায়, যা একশনএইড বাংলাদেশ-এর একটি আন্তর্জাতিক উদ্যোগ।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাবের মুখে। খুলনার তরুণরা এই স্ট্রাইকের মাধ্যমে জানিয়ে দিল — সময় ফুরিয়ে আসছে, এখনই বিশ্বকে ন্যায্য ও টেকসই রূপান্তরের পথে এগোতে হবে।

এই সফল কর্মসূচির মূল নেতৃত্বে ছিলেন ৭ সদস্যের আয়োজক টিম, যার আহ্বায়ক সাকিয়া জান্নাত তৃষ্ণা এবং সদস্য সচিব নাইম হাওলাদার। তাদের সংগঠক দক্ষতা, নিঃস্বার্থ শ্রম এবং সমন্বিত প্রচেষ্টায় এই স্ট্রাইকটি সুন্দরভাবে সম্পন্ন হয়। উপকূলের তরুণদের নেতৃত্বে খুলনায় এই দিনটি রয়ে গেল জলবায়ু ন্যায়বিচার আন্দোলনের এক উজ্জ্বল স্মৃতিচিহ্ন হিসেবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ