খুলনা প্রতিনিধি::
খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড় এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটক ব্যক্তিরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। তারা দুজনই নগরীর বাগমারা এলাকার বাসিন্দা। আশিকুর রহমান আজমলের ছেলে এবং সৈয়দ আব্দুল্লাহ সিকি মুরাদ আলীর ছেলে। পূর্বেই নগর কমিটি থেকে বহিষ্কৃত হন বলেও জানা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে খালিশপুর এলাকার একটি ওএমএস (ওপেন মার্কেট সেল) বিক্রয়কেন্দ্রের ডিলারের কাছ থেকে চাঁদা দাবি করার সময় স্থানীয়রা তাদের হাতে-নাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, "ওএমএস বিক্রয়কেন্দ্রে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। ওএমএস কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা শাখার এক সাবেক নেতা বলেন,বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি নেই। তবে আটক দুজন একসময় সংগঠনটির দায়িত্বে ছিলেন এবং অপরাধ যেই করুক, আইনের আওতায় আসতেই হবে।কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে আমরা আশা করি কাউকে যেন অহেতুক হয়রানি করা না হয়।


0 মন্তব্যসমূহ