শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৫দফা দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় শহীদ আলী মোস্তফা চত্তর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় আলী মোস্তফা চত্তরে গিয়ে সমাপ্ত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউপ, সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।এছাড়া বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে দলীয় নেতারাও বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার পতনের পর দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে এবং সংবিধানগত শূন্যতা সৃষ্টি হয়। এ অবস্থায় জনগণের অভিপ্রায়কে সামনে রেখে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে নানা সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে।
তারা জানান, গণতান্ত্রিক মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনগুলোর সুপারিশ থেকে ৮৪টি প্রস্তাব সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলসমূহের মতভেদের কারণে একাধিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি।
সমাবেশে অংশগ্রহণকারীরা জাতীয় ঐক্য ও গণআন্দোলনের মাধ্যমে জনস্বার্থ নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই বলে জোর দাবি জানান। একই সঙ্গে তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, জাতীয় স্তরে গ্রহণযোগ্য ও আইনগত ভিত্তিসহ ‘জুলাই জাতীয় সনদ’ কার্যকর করতে হবে এবং ওই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দিতে হবে।

0 মন্তব্যসমূহ